
মো: আল মাসুম খান(খুলনা বিভাগ)ব্যুরো চিফ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে ৭ জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচনে গেলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। দেশের প্রকৃত মুক্তি আসবে না। বরং সেই নির্বাচন আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেবে।
শনিবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক পরওয়ার আরও বলেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা একটি সুষ্ঠু রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে ব্যর্থ হয়েছি। একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হলে নির্বাচনপূর্ব কাঠামোগত সংস্কার অপরিহার্য।
তিনি বলেন, মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এ থেকে রক্ষা পেতে হলে আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।
যশোর জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামীর রুকনরা এই শিক্ষা শিবিরে অংশ নেন।