
এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ মাদারীপুর :

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর শামীম আহমেদ (২৬) নামে এক ব্যবসায়ী যুবকের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম আহমেদ ঢাকার কেরানীগঞ্জ এলাকার মো. আলমের ছেলে। তিনি রাজৈর উপজেলার বিদ্যানন্দী বাজারে ব্যবসা করতেন। পাশাপাশি ওই এলাকার একটি ভবনের নিচতলায় খালার সঙ্গে বসবাস করতেন। খালুর সঙ্গে মিলে তিনি একটি ফার্মেসির ব্যবসাও পরিচালনা করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাইরে বের হন শামীম। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শুক্রবার দুপুরে হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খালের পাড়ে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খালের পানিতে শামীমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় শামীমের মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তিনি কীভাবে খালে পড়ে গেলেন কিংবা তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে খাল থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।