
ক্রাইম নিউজ ডেস্ক :

মাত্র ২৫ দিনে বিচার সম্পন্ন, অভিযোগপত্রের ১০ কার্যদিবসের মধ্যেই রায়; দ্রুত রায় কার্যকরে নিহত শিশুর পরিবারের দাবি।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার আলোচিত মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম। এছাড়া অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে দুটি ধারায় যথাক্রমে ১০ বছর ও আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে গাজীপুরের টঙ্গিস্থ কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হবে। পরে তাকে কারাগারে পাঠানো হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতে আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন।”
আদালত সূত্রে জানা গেছে, আলোচিত এ মামলার বিচারকাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। নির্মম হত্যাকাণ্ডের মাত্র ২৫ দিনের মধ্যেই বিচার শেষ হয়। পুলিশ অভিযোগপত্র দাখিলের পর মাত্র ১০ কার্যদিবসের মধ্যেই আদালত রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার একটি এলাকায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিহত শিশুটির বাবা রাজু মিয়া ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার তদন্ত শেষে মাত্র ৯ দিনের মাথায়, ২৩ জুন, চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
রায়ের পর সন্তোষ প্রকাশ করে নিহত শিশুর বাবা রাজু মিয়া বলেন, “আমার ফুলের মতো মেয়েকে তো আর ফিরে পাব না। এই রায় দ্রুত কার্যকর হোক, এটাই আমাদের একমাত্র দাবি।”
অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরুল আলম বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না, সে সিদ্ধান্ত আসামিদের পরিবারের ওপর নির্ভর করবে।
আলোচিত এ রায়কে দ্রুত বিচার সম্পন্ন হওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে চূড়ান্ত কার্যকর হওয়ার আগে প্রচলিত আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকবে।