
নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার গণধর্ষণ, খিলক্ষেতের মন্দির ভাঙচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা ও সারা দেশে মিথ্যা মামলা, হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার এই পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব: সরকার ব্যর্থ বলে মত প্রকাশ করছে অনেকে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ জেলা শখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে বাংলাদেশ হরি-গুরু চাঁদ মতুয়া জোট একাত্মতা ঘোষণা করে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ জেলা শখার সভাপতি বিজন রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল বক্তব্য রাখেন।
এসময় বক্তারা পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের দাবি জানিয়ে বলেন, দেশে ইচ্ছামতো সংখ্যালঘু সম্প্রদায়ের মা-বোনকে ধর্ষণ করা হচ্ছে, মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। এ দেশে সরকার পরিবর্তন হলেই নির্যাতন নেমে আসে। পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের ব্যবস্থা না করা হলে এসব ঘটনা থামানো সম্ভব নয়। পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের ব্যবস্থা করা না হলে আগামী নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দেন বক্তারা।