
ক্রাইম ডেস্ক রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়ন, সহিংসতা প্রতিরোধ এবং ভোটগ্রহণের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের প্রজ্ঞাপনে জানা যায়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী সময়জুড়ে মাঠে দায়িত্ব পালন করবেন এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলা গুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা একই দিন দুপুর আড়াইটা থেকে ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে আবশ্যিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সক্রিয় উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে অবৈধ প্রচার, সহিংসতা, ভোটকেন্দ্র দখলের মতো অপরাধ দমনে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ তারই একটি অংশ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।