টুঙ্গিপাড়ার বিলে লাল শাপলার গালিচা, শরতের ভোরে প্রকৃতির অপূর্ব সাজ।

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া, প্রতিবেদক :

শরতের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থী, শাপলা দেখতে ছুটছেন প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফাররা।

শরতের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থী, শাপলা দেখতে ছুটছেন প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফাররা।

শরতের ভোর। কুয়াশার মায়াবী আবেশ কাটিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। মিষ্টি রোদের পরশ লাগতেই শান্ত জলের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়েছে হাজারো লাল শাপলা। সবুজ লতাপাতার ফাঁকে ফুটে থাকা শাপলার পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দুতে সূর্যের আলো পড়তেই পুরো বিলজুড়ে যেন বিছিয়ে গেছে রক্তিম গালিচা। দূর থেকে তাকালে মনে হয়, প্রকৃতি নিজ হাতেই এঁকেছে বিশাল এক নকশিকাঁথা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তাঁরাই বিল এখন শরতের এই অপরূপ সৌন্দর্যে প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে উঠেছে আকর্ষণীয় এক ঠিকানা। সাদা বক, পানকৌড়ি ও নানা জলজ পাখির অবাধ বিচরণ, শান্ত জল আর চারপাশের সবুজের সঙ্গে লাল শাপলার মেলবন্ধন তৈরি করেছে চোখজুড়ানো এক নৈসর্গিক পরিবেশ।
টুঙ্গিপাড়া উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই জলাশয়ে প্রতিবছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেখা মেলে লাল ও সাদা শাপলার সমারোহ। ভোরের আলো ফুটতেই অসংখ্য শাপলা জেগে ওঠে আপন সৌন্দর্যে। নীলাভ পানির ওপর লাল-সাদার ছোঁয়ায় মুহূর্তেই বদলে যায় পুরো বিলের দৃশ্যপট।
বিলপাড়ের স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় শত বছর ধরে এই বিলে প্রাকৃতিকভাবেই শাপলা ফুটে আসছে। প্রায় এক কিলোমিটার বিস্তৃত জলাশয়ের বুকে ফুটে থাকা শাপলার সৌন্দর্যের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। ফলে ভোর হলেই দর্শনার্থী, প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার ও কনটেন্ট নির্মাতাদের আনাগোনা বাড়ছে। কেউ নৌকায় চড়ে, কেউবা বিলের পাড়ে দাঁড়িয়ে ক্যামেরাবন্দী করছেন প্রকৃতির এই অপার সৌন্দর্য।
তবে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে কিছুটা উদ্বেগও। স্থানীয়দের অভিযোগ, ছবি তোলা কিংবা ভিডিও ধারণের সময় অসচেতন কিছু দর্শনার্থী শাপলা ছিঁড়ে ফেলছেন। এতে বিলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের।
স্থানীয়রা আরও জানান, শাপলা শুধু বিলের সৌন্দর্যই বাড়ায় না, ফুল সংগ্রহ ও বাজারে বিক্রির সঙ্গে স্থানীয় কিছু পরিবারের জীবিকাও জড়িত। তাই বিলের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় দর্শনার্থীদের শাপলা না ছেঁড়ার আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
তাদের প্রত্যাশা, প্রশাসনের যথাযথ তদারকি, বিলের পরিবেশ সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য নিরাপদ নৌকা চলাচলের ব্যবস্থা করা গেলে টুঙ্গিপাড়ার এই শাপলা বিলটি ভবিষ্যতে একটি আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এতে যেমন প্রকৃতিপ্রেমীদের জন্য নতুন একটি দর্শনীয় স্থান তৈরি হবে, তেমনি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগও বাড়বে।
লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে হলে ভোরেই পৌঁছানো সবচেয়ে ভালো। গোপালগঞ্জ জেলা শহর কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোনাপাড়া হয়ে টুঙ্গিপাড়া উপজেলা সদরে যেতে হবে। এরপর টুঙ্গিপাড়া থানার সামনের সড়ক ধরে বাগিয়ারকূল হয়ে তারাইল বাজারে পৌঁছাতে হবে। সেখান থেকে বেড়িবাঁধের রাস্তা ধরে চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে প্রায় এক কিলোমিটার এগোলেই দেখা মিলবে শাপলায় ভরা মনোমুগ্ধকর সেই বিলের।
শরতের ভোরে শিশিরভেজা লাল শাপলার সারি, শান্ত জলের ঢেউ, সবুজের সমারোহ আর পাখির কলকাকলিতে পুরো বিলটি যেন হয়ে ওঠে প্রকৃতির জীবন্ত চিত্রকর্ম। নগরজীবনের ব্যস্ততা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এখানে চোখ মেললেই মনে হয়—গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য এখনো ঠিক আগের মতোই বেঁচে আছে প্রকৃতির কোলে।