
সাবিনা ইয়াসমিন (কণা), টুঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। সাবেক ইউপি সদস্য কবির হোসেন ৩ জুলাই ২০২৫ তারিখে মৃত্যুবরণ করার পর থেকে ওয়ার্ডটিতে স্থায়ী কোনো প্রতিনিধি না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
প্রথমদিকে ওই ওয়ার্ডের দায়িত্ব অস্থায়ীভাবে মহিলা ইউপি সদস্য খাদিজা বেগমের উপর ন্যস্ত করা হয়। কিছুদিন দায়িত্ব পালন করার পর তা হস্তান্তর করা হয় পাশের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুঙ্গু খানের কাছে। এরপর থেকেই ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ হাজার জন ভোটার নিয়ে গঠিত এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত বৃহৎ গ্রাম শ্রীরামকান্দি। পাশের ওয়ার্ডের একজন সদস্য দায়িত্ব পালন করায় নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, জন্মনিবন্ধন, এমনকি ভোটার আইডি কার্ড সংক্রান্ত কাজে গিয়ে নানা জটিলতার মুখে পড়ছেন এলাকাবাসী।
ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক শেখ অভিযোগ করে বলেন, “রুঙ্গু মেম্বারের কাছে দায়িত্ব যাওয়ার পর থেকে আমরা কোনো সেবা পাচ্ছি না। একটি সাধারণ সনদে স্বাক্ষর আনতে গেলেও তাকে খুঁজে পাওয়া যায় না।
একই গ্রামের আরেক বাসিন্দা শেখ আব্দুর রহিম বলেন, “ঈদের সময় যে খাদ্য সহায়তা দেওয়ার কথা, সেটিও অনেককে দেওয়া হয়নি। আমাদের ওয়ার্ড পুরোপুরি অবহেলিত।”
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও পাটগাতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ আলী বলেন, “মহিলা মেম্বার খাদিজা বেগমের কাছে দায়িত্ব থাকলে গরিব মানুষ উপকৃত হতো। কিন্তু পাশের ওয়ার্ডের মেম্বারকে দায়িত্ব দেওয়ার পর কেউ কোনো সুবিধা পাচ্ছে না।”
৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য রুঙ্গু খান বলেন, আমার দায়িত্ব হচ্ছে ওয়ারেশান সনদ, নিবন্ধন, সনদ যাচাই-বাছাই করে সই করা, আমি সেটা করছি।
এদিকে পাটগাতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস জানান, “রুঙ্গু মেম্বারের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ পাচ্ছি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।”
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, “এ বিষয়ে আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। তদন্ত করে দেখা হবে। দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর একমাত্র দাবি, ৬ নং ওয়ার্ডের জন্য দ্রুত একজন স্থানীয় ও যোগ্য প্রতিনিধিকে দায়িত্ব দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা হোক।