
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত দুজনই মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। সে দশম শ্রেণির ছাত্র এবং তার বাবার নাম আল আমিন। কয়েক দিন আগে সে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে তিন আরোহীই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুই মাদ্রাসাছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আল রাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।