
সাবিনা ইয়াসমিন কনা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো এলপিজি অটোগ্যাস সেবা চালু হয়েছে। এর ফলে স্থানীয় পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে গাড়িচালকদের জ্বালানি সংগ্রহের জন্য দূর-দূরান্তে যেতে হলেও এখন থেকে নিজ উপজেলাতেই এ সুবিধা পাওয়া যাবে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পিরোজপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম দুইটি যানবাহনে গ্যাস সরবরাহের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য নাগরিকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, “টুঙ্গিপাড়ায় এর আগে কোনো এলপিজি অটোগ্যাস স্টেশন ছিল না। ফলে গাড়িচালকদের জ্বালানি সংগ্রহের জন্য বিভিন্ন জেলা ও উপজেলায় যেতে হতো। এখন নিজ এলাকায় সহজে ও সাশ্রয়ী মূল্যে গ্যাস পাওয়া যাবে, যা স্থানীয় পরিবহন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
প্রথম গ্রাহক হিসেবে গ্যাস গ্রহণ করেন প্রাইভেটকার চালক রবিউল আলম। তিনি বলেন, “আগে খুলনা, বাগেরহাট কিংবা ফকিরহাটে গিয়ে গ্যাস নিতে হতো। এখন টুঙ্গিপাড়াতেই এই সুবিধা পাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।”
আরেক চালক মাহফুজুর রহমান বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ। সেবার মান বজায় থাকলে চালক ও যাত্রী—উভয়েই উপকৃত হবেন।”
ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেন জানান, “শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, স্থানীয় যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আর দূরে গিয়ে গ্যাস সংগ্রহ করতে হবে না।”
স্থানীয়দের মতে, টুঙ্গিপাড়ায় এলপিজি অটোগ্যাস সেবা চালুর ফলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি সময় সাশ্রয় হবে। একই সঙ্গে উপজেলায় আধুনিক জ্বালানি অবকাঠামোর সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, দেশে পরিবেশবান্ধব ও তুলনামূলক সাশ্রয়ী জ্বালানির ব্যবহার বাড়াতে এলপিজি অটোগ্যাস সেবার সম্প্রসারণ জরুরি। টুঙ্গিপাড়ায় এ সেবার যাত্রা শুরু স্থানীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।