
গোপালগঞ্জ প্রতিনিধি | টুঙ্গিপাড়া :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে আপন ভাই-বোনের মধ্যে বিরোধের জেরে হয়রানি, জমিতে বাধা প্রদান ও মামলা নিয়ে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দাবি করা তোজাম্মেল শেখ অভিযোগ করেছেন, তার বড় বোন জোহরা বেগমের প্রতিহিংসামূলক আচরণের কারণে তিনি বৃদ্ধ মা ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা নিজেদের বৈধ সম্পত্তির অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয়েছেন।
জানা গেছে, উপজেলার পাটগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীরামকান্দি ঘোষেরহাট এলাকার বাগেরবাড়ির মৃত আব্দুস সবুর শেখের সন্তান তোজাম্মেল শেখ ও জোহরা বেগমের মধ্যে এ বিরোধের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী তোজাম্মেল শেখ জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় বড় ভাই পৈতৃক সম্পত্তি দেখাশোনা করতেন। পরে ছোট ভাই মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি না করে দুই ভাই পাশাপাশি বসবাস করছিলেন। সম্প্রতি তিনি নিজ দখলীয় স্থানে ঘরের কাজ শুরু করলে বড় বোন জোহরা বেগম ওই জমি নিজের দাবি করে নির্মাণকাজে বাধা দেন।
তার অভিযোগ, বড় ভাই একই এলাকায় নির্বিঘ্নে বসবাস করলেও শুধু তাকেই লক্ষ্য করে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমার সঙ্গে ৮০ বছর বয়সী বৃদ্ধ মা থাকেন। বর্ষাকালে ঘর নির্মাণ করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছি।”
তোজাম্মেল শেখ আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আপসের চেষ্টা করলেও তার বড় বোন তা না মেনে উল্টো তার বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়া জমি নিয়ে বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে তোজাম্মেল শেখের মা আমেনা বেগম (৮০) বলেন, আগে ছেলে-মেয়েদের মধ্যে সুসম্পর্ক ছিল। বর্তমানে জমি নিয়ে বিরোধের কারণে পারিবারিক সম্পর্কের অবনতি হয়েছে। তিনি বলেন, “আমি এখন ছোট ছেলের সঙ্গেই থাকি। এই পরিস্থিতিতে ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। আমি চাই, আমার ছেলে-মেয়েদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাক।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জোহরা বেগমের স্বামী মনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, “তোজাম্মেল শেখের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের শ্বশুর জীবদ্দশায় দলিলের মাধ্যমে আমার স্ত্রীর নামে কিছু জমি লিখে দিয়েছিলেন। সেই জমির ওপর নতুন করে ঘর নির্মাণ করতে গেলে আমরা বাধা দিই। পরে আইনগতভাবে আদালতে মামলা করেছি।”
তিনি আরও বলেন, “বাবার সম্পত্তিতে সকল উত্তরাধিকারীর সমান অধিকার রয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই আদালতের আশ্রয় নিয়েছি।”