
আবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফাঁকা বাড়িতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে যুবদলের কোনো কমিটির সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোপালগঞ্জ জেলা শাখা।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক মো. রাসেকুজ্জামান পলাশ এ দাবি করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও গোপালগঞ্জ জেলা বিএনপির মুখপাত্র সাজ্জাদ হোসেন হীরার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, কয়েকদিন আগে টুঙ্গিপাড়ায় সন্তানদের নিয়ে একটি ফাঁকা বাড়িতে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সোহাগ গাজীকে পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে জেলা যুবদলের নেতারা দাবি করেন, সোহাগ গাজী গোপালগঞ্জ জেলা, থানা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড যুবদলের কোনো কমিটির সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি তারা তাকে চেনেন না বলেও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন।
বক্তারা বলেন, ‘এই পাষণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি করছি।’ একই সঙ্গে ঘটনাটিকে কেন্দ্র করে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনো মহল অপপ্রচার চালাচ্ছে কি না, সে বিষয়েও তারা প্রশ্ন তোলেন।
সাংবাদিকদের উদ্দেশে জেলা যুবদলের নেতারা বলেন, গণমাধ্যম জাতির বিবেক। তাই কোনো ব্যক্তি বা সংগঠনের পরিচয় প্রকাশের আগে সংশ্লিষ্ট সংগঠনের কাছ থেকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য তারা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। তবে পাটগাতী ইউনিয়ন যুবদলের সভাপতি সাংবাদিকদের সাথে যে বক্তব্য দিয়েছে তা খতিয়ে দেখা সহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন।
তারা আরও বলেন, ধর্ষণের মতো গুরুতর অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোক্তার মোল্লা ও সদস্য সচিব মো. আমিনুর শেখ।
সাংবাদিক সম্মেলনে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক মো. রাসেকুজ্জামান পলাশের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এসব কথা জানানো হয়।