টুঙ্গিপাড়ায় এক নারীকে ঘিরে অর্থ লেনদেন নিয়ে অভিযোগ, ভুক্তভোগীদের প্রতিকার দাবি।

 


সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক:

টুঙ্গিপাড়ায় এক নারীকে ঘিরে অর্থ লেনদেন নিয়ে অভিযোগ, ভুক্তভোগীদের প্রতিকার দাবি

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার এলাকায় বসবাসকারী লিপি আক্তার নামে এক নারীকে ঘিরে অর্থ লেনদেন সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন এবং বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য সংগ্রহের পাশাপাশি কয়েকজন নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নেন।

অভিযোগকারীদের ভাষ্য, লিপি আক্তার ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ধার নিলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইতে গেলে অনেক সময় তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, পাওনা টাকা আদায়ের চেষ্টা করলে অভিযুক্ত নারী ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন না বলেও অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, তারা বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা দ্রুত অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে লিপি আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগীরা।