
সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

মাদক, চুরোধেরি, বাল্যবিবাহ ও শিশুপাচার প্রতি সমন্বিত উদ্যোগের তাগিদ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, চুরি, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু অপহরণ-পাচার প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গ্রামাঞ্চলে চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধ এবং শিশু অপহরণ ও পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
সভায় দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে ক্ষতিকর চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানান ইউএনও।
সামাজিক অপরাধ প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় টুঙ্গিপাড়া মডেল মসজিদের ইমামকে আগামী শুক্রবার জুমার খুতবায় মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুপাচারের ক্ষতিকর দিক তুলে ধরে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মাদক নির্মূলকে অগ্রাধিকার দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।