
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় টানা প্রায় ৭০ দিন কোনো খাবার গ্রহণ না করার পর কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গিয়ে প্রথম খাবার হিসেবে জীবন্ত মুরগি খেয়েছে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর ঐতিহাসিক দীঘির আলোচিত কুমির জুনিয়র ‘ধলাপাহাড়’। নতুন পরিবেশে পৌঁছানোর পর স্বাভাবিক ভাবে খাবার গ্রহণ করায় কুমিরটির শারীরিক অবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
গত ১২ আগস্ট বিশেষ ব্যবস্থায় জুনিয়র ধলা পাহাড়কে খুলনা থেকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পরদিন কুমিরটির মুখের সামনে একটি জীবন্ত মুরগি দেওয়া হলে সেটি মুহূর্তেই ধরে খেয়ে ফেলে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ মনজুরুল আলম গণমাধ্যমকে জানান, ধলা পাহাড় বর্তমানে ভালো আছে। পার্কে নেওয়ার পরদিন একটি জীবন্ত মুরগি কুমিরটির সামনে দেওয়া হলে সেটি ধরে খেয়ে ফেলে। নিয়ম অনুযায়ী সাধারণত সাত দিন পরপর কুমিরটিকে খাবার দেওয়া হয়। দূর থেকে পর্যবেক্ষণ করে কুমিরটির শারীরিক অবস্থা ভালো বলেই মনে হয়েছে।
এর আগে গত ৩ জুন বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর দীঘি থেকে জুনিয়র ধলা পাহাড়কে উদ্ধার করে খুলনার বয়রায় অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থানকালে কুমিরটির বিশেষ পরিচর্যা করা হয়।
তবে ১২ আগস্ট কক্সবাজারে পাঠানোর আগ পর্যন্ত প্রায় ৭০ দিন খুলনায় অবস্থান করলেও ধলা পাহাড় কোনো খাবার গ্রহণ করেনি।
দীর্ঘ সময় খাবার না খাওয়ার পর নতুন পরিবেশে গিয়ে প্রথমবারের মতো খাবার গ্রহণ করায় জুনিয়র ধলা পাহাড়কে নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে। বর্তমানে ডুলাহাজারা সাফারি পার্কে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর দীঘির এই আলোচিত কুমিরটিকে।