জুলাই শহীদ দিবস ২০২৬: গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক, ফয়সাল মোল্লা :

জুলাই শহীদ দিবস ২০২৬: গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা।
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে উপস্থিত সবাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।