জাল ডলার ও জাল টাকা ছাপানোর মেশিনসহ গ্রেপ্তার- ২

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

জাল ডলার ও জাল টাকা ছাপানোর মেশিনসহ গ্রেপ্তার- ২

সাতক্ষীরা শহরে অবৈধ জাল ডলার ও জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার ২৩ মে সন্ধ্যায় শহরের কাটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নাঈম হোসেন (৩০) ও একই উপজেলার কাটুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু রাসেল (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, পাঞ্চ মেশিন, ১০ টা দেশের জাল মুদ্রাসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ৩৭ বীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলমগীর এর নেতৃত্বে যৌথ বাহিনী একটি টিম শহরের কাটিয়া এলাকার আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালিত করে। এ সময় জাল ডলার ও জাল টাকা ছাপানো চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। যৌথবাহিনী গণমাধ্যমকে জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি জাল মুদ্রা, জাল ডলার ও জাল টাকা ছাপানোর মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের কাছ থেকে আরো তথ্য উদ্‌ঘাটনে সাতক্ষীরা ৩৭ বীর সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।