
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) একটি প্রতিনিধিদল।
বৈঠকে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও উন্নত করতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হলো চূড়ান্ত অনুমোদনের আগেই নির্দিষ্ট শর্তসাপেক্ষে অস্থায়ী লাইসেন্স বা অনুমোদন প্রদানের ব্যবস্থা চালুর পরিকল্পনা। এতে বিনিয়োগকারীরা প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারবেন এবং দীর্ঘ প্রশাসনিক জটিলতা এড়ানো সম্ভব হবে।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের অনুমোদন এক জায়গা থেকে পাওয়ার জন্য কেন্দ্রীয় অনলাইনভিত্তিক “ওয়ান-স্টপ উইন্ডো” ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করবে।
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে বলেন, দীর্ঘ লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া বিনিয়োগের অন্যতম বড় বাধা। এ সমস্যা দূর করতে সরকার সময়সীমা কমানো এবং প্রক্রিয়া সহজ করার কাজ করছে। তবে নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, পরিবেশগত প্রভাব এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলো যথাযথ ভাবে যাচাই ছাড়া অনুমোদন দেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, খাত ভিত্তিক লাইসেন্সিং ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে, কারণ বিদ্যুৎ, টেক্সটাইল, ভারী শিল্প ও প্রযুক্তিনির্ভর শিল্পের অনুমোদন প্রক্রিয়া এক নয়। প্রতিটি খাতের বাস্তবতা বিবেচনায় আলাদা কাঠামো নির্ধারণ করা হচ্ছে।
কারখানা পরিদর্শন কার্যক্রমে বড় পরিবর্তনের কথাও জানান মন্ত্রী। ভবিষ্যতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশ্লিষ্ট সব সংস্থার পরিদর্শন কার্যক্রম সমন্বয় করবে এবং নির্ধারিত সময়ে একসঙ্গে পরিদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে একাধিক দপ্তরের আলাদা আলাদা পরিদর্শনের ভোগান্তি কমে।
সভায় বৈদ্যুতিক যানবাহন (ইভি) বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হয়। মন্ত্রী আরও বলেন, জ্বালানি নির্ভরতা কমিয়ে পরিবহন খাতকে টেকসই করতে সরকার কাজ করছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আপাতত প্লাগ-ইন হাইব্রিড যানবাহনের ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেবিসিসিআই প্রতিনিধিদল বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প স্থাপন, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে।
বাণিজ্য মন্ত্রী গণমাধ্যমকে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও বাণিজ্য অংশীদার। জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।