
এস.এম তাজ আশরাফী, ঢাকা :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি এবং দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জে বাংলাদেশের অবস্থানও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ও ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহির পাশাপাশি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।
এ ছাড়া তরুণ ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পাবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে আসা রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২২ সেপ্টেম্বর থেকে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফরে তাঁর সঙ্গে ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণও রয়েছে। ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বৈশ্বিক বৈষম্য মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণে রোহিঙ্গা সংকট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থানের ফলে বাংলাদেশের ওপর যে মানবিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার সুযোগ হিসেবে এবারের অধিবেশনকে দেখছে ঢাকা।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বাংলাদেশ গুরুত্ব দেবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে সংকট মোকাবিলায় বহুপক্ষীয় উদ্যোগ জোরদারের বিষয়ও সামনে আসতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন। তাঁর ভাষণে গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়ও তুলে ধরা হবে বলে জানান তিনি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, টেকসই সমাধান এবং বিভিন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে চায়। জাতিসংঘের এবারের অধিবেশনকে সেই অবস্থান তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ওপর ন্যস্ত হয়েছে। ফলে এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।