জলাবদ্ধতা ও মশার উপদ্রব রোধে টুঙ্গিপাড়া পৌরসভার ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু।

সাবিনাি ইয়াসমিন কনা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

জলাবদ্ধতা ও মশার উপদ্রব রোধে টুঙ্গিপাড়া পৌরসভার ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু।

জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার পাটগাতি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

উদ্বোধন শেষে ইউএনও জহিরুল আলম বলেন, পৌরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। ড্রেন পরিষ্কারের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশকনিধন ওষুধও ছিটানো হবে।

তিনি বলেন, “শুধু পৌরসভার উদ্যোগে নয়, নাগরিকদের সচেতন অংশগ্রহণও একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার জন্য অপরিহার্য। সবাই যদি নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তাহলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

ইউএনও আরও জানান, পৌর এলাকার কোথাও ড্রেনেজ সমস্যার সৃষ্টি হলে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালনা করা হবে, যাতে পৌরবাসী একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

পৌরবাসীর প্রত্যাশা, নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা কমবে, মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসবে এবং টুঙ্গিপাড়া পৌরসভা আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসের উপযোগী নগরীতে পরিণত হবে।