ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল মাদারীপুরের পুলিশ কনস্টেবল আল-আমিনের।

এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল মাদারীপুরের পুলিশ কনস্টেবল আল-আমিনের।

চট্টগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

 

ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা গেছেন মাদারীপুরের যুবক পুলিশ কনস্টেবল আল-আমিন (২৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।

নিহত আল-আমিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুধখালী এলাকার আব্দুল হক সর্দারের ছোট ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন কনস্টেবল আল-আমিন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে কনস্টেবল আল-আমিনের মৃত্যু হয়।

মাত্র চার বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই তরুণ কনস্টেবলের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। দায়িত্ব পালনকালে এমন মর্মান্তিক পরিণতি পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি।