চুয়াডাঙ্গা সদরে গাছের চারা, জৈবসার বিতরণ কর্মসূচির উদ্বোধন।

ক্রাইম নিউজ ডেস্ক :

চুয়াডাঙ্গা সদরে গাছের চারা, জৈবসার বিতরণ কর্মসূচির উদ্বোধন।

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় গাছের চারা, জৈবসার ও বাঁশের খুঁটি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলা চত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে সরকার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা থেকে তিনটি প্যাকেজের মাধ্যমে ফলজ, বনজ, কাঠজাতীয় ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। চারার পাশাপাশি প্রতিজন উপকারভোগীকে বাঁশের খুঁটি ও ২৫ কেজি জৈবসার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারের সবুজ ও সুন্দর পরিবেশ গড়ার উদ্যোগ সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে অবহেলার কারণে কিংবা গবাদিপশুর ক্ষতিতে চারাগুলো নষ্ট না হয়।

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে সদর উপজেলায় ১ হাজার ৫০ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি পাঁচটি করে মোট ৫ হাজার ২৫০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেককে ২৫ কেজি জৈবসার ও একটি করে বাঁশের খুঁটি দেওয়া হয়।

জেলা কৃষি বিভাগ জানায়, চলতি অর্থবছরে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন জাতের মোট ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা করিম হোসেন, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, মফিজুর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।