ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান, গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার।

ক্রাইম নিউজ প্রতিবেদক :

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান, গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার।
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু। তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মূল প্রবন্ধে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি অর্থের হিসাব জনগণের সামনে প্রকাশ এবং দুর্নীতিবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার দাবি জানানো হয়।
এ ছাড়া তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, ঘুষ গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা, শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং প্রশ্নপত্র ফাঁস ও কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্বাস্থ্য খাতে ই-টেন্ডারের যথাযথ প্রয়োগ, হাসপাতালের সেবার মান নিশ্চিতে শক্তিশালী নজরদারি এবং ভুয়া চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিকায়েল রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো. ইকবাল হোসেন, ওই কলেজের সাবেক উপাধ্যক্ষ সরদার নূরুল ইসলাম, টুঙ্গিপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাসুদ আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান এবং গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার সাবিনা ইয়াছমিন।
সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব কোনো একক সংগঠনের নয়। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি ও কার্যকর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।