
এ জেড আমিনুজ্জামান রিপন :

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর ১৬ জন শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
গত সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষকরা উচ্চশিক্ষা বা অন্যান্য কারণে শিক্ষা ছুটিতে ছিলেন। তবে নির্ধারিত সময় শেষে তারা কর্মস্থলে যোগদান না করায় বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তারা কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিজেন্ট বোর্ড তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন— ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আমিরুল ইসলাম, আশরাফুল হোসেন হাওলাদার, পান্থ প্রতিম সরকার, মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশার ও উপমা দাস; পরিসংখ্যান বিভাগের কাকলী খাতুন; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ময়মুনা বেগম কলি; রসায়ন বিভাগের ড. দেবব্রত পাল; আইন বিভাগের মোহাম্মদ রুবাইয়াৎ রহমান; লোকপ্রশাসন বিভাগের মো. মিজানুর রহমান; ফার্মেসি বিভাগের তাসনিয়া নাহিয়ান জুলফিকার; সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধরা তাহ্সিন; এসিসিই বিভাগের ফারজানা ইয়াসমিন; ম্যানেজমেন্ট বিভাগের মো. উজ্জল হুসাইন এবং ফিন্যান্স বিভাগের মাবিয়া খাতুন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা ছুটির শর্ত ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।