গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিনে মুক্তি ।

আবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিনে মুক্তি ।

গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক ৮ নম্বর ওয়ার্ডের (বর্তমান ১১ নম্বর) টানা চারবারের নির্বাচিত কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে তিনি জামিন লাভ করেন। পরে সন্ধ্যার আগেই গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপি নেতা সোহেলের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জামিন শুনানির সময় মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী আরও জানান, শুনানির একপর্যায়ে গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাজীব হাসান মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লার জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দিতে বাদী আদালতের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তিনি জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানান।

বাদীর এমন জবানবন্দির পর আদালত জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেলকে জামিনে মুক্তির আদেশ দেন।

আদালতের আদেশের পর রোববার সন্ধ্যার আগেই গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।