গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ পেশাদার জুয়ার এজেন্ট গ্রেপ্তার।

আবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ পেশাদার জুয়ার এজেন্ট গ্রেপ্তার।

গোপালগঞ্জে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. শিপন মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার পাশাপাশি পেশাদার জুয়ার এজেন্ট হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, রোববার (১৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর সাকিনস্থ সিও অফিস মোড় সংলগ্ন একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন শিপন মিয়া। পরে ডিবির একটি চৌকস দল তাকে আটক করে। এ সময় তিনি NBAJEE অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর শিপন মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে ডিবি। পুলিশের দাবি, মোবাইল ফোনটি পর্যালোচনা করে তাতে সর্বমোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা থাকার তথ্য পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে তাকে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তার শিপন মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বিলায়েত মিয়া এবং মায়ের নাম সুপিয়া বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ছবি: গ্রেপ্তার শিপন মিয়া ও উদ্ধার করা মোবাইল ফোন।