গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার ৫ জন।

নিজস্ব প্রতিবেদক (ক্রাইম নিউজ) :

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার ৫ জন।রাজধানীর ঢাকা মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু ( ৪২ ), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ০৮:৩০ টায় ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মো. আবেদ আলী শেখকে এবং একই দিন রাত আনুমানিক ৯ টায় বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের পৃথক টিম। উল্লেখ্য, গ্রেপ্তার মো: আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ গ্রহণ করেছিলো বলে স্বীকার করেছে। এছাড়া সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার আসামি। গোয়েন্দা পুলিশের সূত্রে আরও জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১:৪৫ টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল উত্তরা বিমান বন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করেছে।