গোপালগঞ্জে সিন্ডিকেট করে ৪শ-৫শ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছে ব্যবসায়ীরা – অভিযোগ ভেক্তাতাদের।

ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জে সিন্ডিকেট করে ৪শ-৫শ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছে ব্যবসায়ীরা।

সরকারের নির্ধারিত মূল্য বেঁধে দেওয়া হলেও তা মানছেনা ব্যবসায়ীরা। ১২ কেজি এলপিজি গ্যাস  ১,৫৮৫ টাকার সিলিন্ডার ২ হাজারের বেশি, ক্ষতিগ্রস্থ সাধারণ ভোক্তারা। এ ব্যপারে প্রশাসনের নজরদারী প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা।

গোপালগঞ্জে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন। এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

বিইআরসির সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা। সেপ্টেম্বর মাসে আগের দামের চেয়ে ১৩ টাকা কমিয়ে এ মূল্য নির্ধারণ করা হয়। জাতীয় পর্যায়েও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগের খবর প্রকাশিত হয়েছে।

অভিযোগ রয়েছে, গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন বাজারে কোথাও কোথাও ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে নির্ধারিত মূল্যের তুলনায় প্রতিটি সিলিন্ডারে কয়েকশ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে ভোক্তাদের।

এদিকে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং অনুমোদনের চেয়ে বেশি সিলিন্ডার মজুতের অভিযোগে গত ২ অক্টোবর শুক্রবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ শহরের চর সোনাকুড় এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন মোসার্স নিপুণ প্রযুক্তির গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির গ্যাস সিলিন্ডার ডিলার শেখ যোবায়ের শেখের গোডাউনের বিপরীতে থাকা বিস্ফোরক লাইসেন্স নবায়ন করা হয়নি। একই সঙ্গে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত শেখ যোবায়ের শেখকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেন। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম।

ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাজারে অনেক ক্ষেত্রে সেই দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। দোকানে সিলিন্ডার থাকলেও বিভিন্ন অজুহাতে বাড়তি দাম নেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের মানুষ।

তবে ব্যবসায়ীদের একটি অংশের দাবি, তারা ডিলার পর্যায় থেকেই বেশি দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন। ফলে খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যে বিক্রি করা কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, শুধু খুচরা দোকানে অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। এলপিজি সরবরাহের পুরো চেইন—আমদানিকারক, কোম্পানি, ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতা—কোন পর্যায়ে অতিরিক্ত মূল্য নির্ধারণ হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

ভোক্তাদের ভাষ্য, সরকার যেখানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে, সেখানে কয়েকশ টাকা বেশি দিয়ে একই পণ্য কিনতে হলে নির্ধারিত মূল্য কার্যত কাগজেই সীমাবদ্ধ থেকে যায়।

এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের লাইসেন্স, মজুত সক্ষমতা, সরবরাহ মূল্য ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।