গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দুদক কর্তৃক সম্পদের তদন্তসহ শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

শৈলেন্দ্রনাথ মজুমদার :

গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দুদক কর্তৃক সম্পদের তদন্তসহ শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শেখ তুহিনের সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্ত এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থি। তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শেখ তুহিনের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকবে।” তারা গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান খান জয়। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, গোপালগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক আরিফ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুনুর রশিদ জুয়েল, সাধারণ সম্পাদক (গোপ্রিমিজাএ) পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান ও বিশ্বজিৎ চন্দ্র সরকার।