
আবিদুর রহমান নাহিয়ান :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
‘নজরুলবর্ষ’ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা লিখনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও বিশেষ অতিথি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক ভাবধারা তুলে ধরেন।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে নতুন প্রজন্মের মধ্যে আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী একযোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।