গোপালগঞ্জে শান্তিপূর্ণ লকডাউন পালনের নির্দেশ জননেতা শেখ ফজলুল করিম  সেলিম।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে শান্তিপূর্ণ লকডাউন পালনের নির্দেশ জননেতা শেখ ফজলুল করিম  সেলিম।

গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লঞ্চঘাট এলাকায় অবস্থানকালে সালাউদ্দিন খানের মোবাইল ফোনে ভিডিও কল করেন শেখ সেলিম। এ সময় গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন তিনি।

শেখ সেলিম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিডিও কলের বিষয়টি স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে লঞ্চঘাট এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।