
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ পৌরসভার একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর আওতায় দায়ের করা এক মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় দায়ের করা আরেক মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২/২৯৩/২৯৪ ধারায় দায়ের করা ৮টি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় দায়ের করা অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি অনিরুদ্ধ দেব রায় গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, অসামাজিক কর্মকাণ্ড, অবৈধ কার্যক্রম ও আইনভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে