গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্ব দিলেন – এম পি বাবর।

মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ:

মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ:

প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে কার্যক্রমের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান

 

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

সোমবার (১২ অক্টোবর) বেলা ৩টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত এক অবহিতকরণ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ডা. কে এম বাবর বলেন, স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের সুফল যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা গেলে কার্যক্রমের উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোরাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতান।

এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।