
জয়ন্ত শিরালী (নিজস্ব প্রতিবেদক) :

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই স্কুলের অভিভাবকরা। রোববার (১ জুন) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। জেলা প্রশাসক ও শিক্ষা বিভাগে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষক রেহানা আক্তারের বিরুদ্ধে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় তার অপসারণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে তারা জানায়, দীর্ঘ প্রায় ১০ বছর শহরতলীর ৩২ নং হরিদাসপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন রেহানা আক্তার। প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ, স্কুলে অনুপস্থিত থাকা, ক্লাস না করানো, শিক্ষার্থীদের ওয়াস রুম ব্যবহার করতে না দেয়া, নিজের কক্ষে খাদ্য সামগ্রী রেখে তা শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা, কথায় কথায় টিসি দেওয়া তার নিত্য দিনের কাজ। আত্মীয়স্বজন সরকারি বড় পদে চাকুরি করে সেই প্রভাব ও ভয় দেখিয়ে কাউকেই পরোয়া করেন না তিনি। তার এই স্বেচ্ছাচারিতার কারণে প্রতি বরছ পর্যায় ক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাচ্ছে বলে জানান তারা।
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক রেহানা আক্তারের সাথে কথা বলতে গেলে সহকর্মীরা জানায় তিনি ট্রেনিংয়ে গিয়েছেন। মুঠফোনে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।