গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা ও ৬ বছরের মেয়ে নিহত।

শেখ ফরিদ আহমেদ, নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা ও ৬ বছরের মেয়ে নিহত।

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবোঝাই পিকআপভ্যানের চাপায় সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ৬ বছরের শিশু কন্যা সামিরা আক্তার নিহত হয়েছেন। আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাবা ও মেয়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান (খুলনা মেট্রো-১১-২৫৬৫) ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘাতক পিকআপভ্যানটিকে জব্দ করা হয়েছে।