
বেবী আক্তার এ্যানি, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে একটি খালি পিকআপ যাচ্ছিল। পিকআপটি বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপে থাকা হেলপার প্রবীর গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের ভেতর থেকে প্রবীরের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।