
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফারুক আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ৯টা ০৫ মিনিটের দিকে সদর উপজেলার মেরী গোপিনাথপুর শরীফপাড়া এলাকা থেকে অভিযুক্ত তৌহিদুল হককে আটক করা হয়। আটককৃত আসামির কাছ থেকে ০১টি দেশীয় তৈরি লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্রের দৈর্ঘ্য- বাট ও ব্যারেলসহ প্রায় ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি। ওজন প্রায় ৬.১৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত শরীফ তৌহিদুল হক মেরী গোপিনাথপুর (শরীফপাড়া) গ্রামের মৃত শরীফ আঃ হক ও মৃত জাহানারা বেগমের ছেলে।
অস্ত্রসহ গ্রেফতারের পর আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।