
নিজস্ব প্রতিবেদক রিপন ও ফয়সাল মোল্লার তথ্য ও চিত্র :

ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে এখনো বালু ফেলা ও ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারাইল গ্রামে সরকারি জায়গা ও এক অসহায় প্রতিবন্ধীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বারাইল গ্রামের মৃত লাহাব মুন্সির ছেলে বিপ্লব মুন্সি প্রভাব খাটিয়ে এলাকার সরকারি জায়গার পাশাপাশি খলিল মুন্সির প্রতিবন্ধী ছেলে কাইউম মুন্সির পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে বিপুল পরিমাণ বালু ফেলে ব্যবসা পরিচালনা করছেন। এতে প্রকৃত মালিক দীর্ঘদিন ধরে নিজ জমি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কাইউম মুন্সি জানান, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে নানা হয়রানির শিকার হচ্ছেন। তার দাবি, পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে সেখানে বালু ফেলা হয়েছে এবং একাধিকবার অনুরোধ করেও কোনো প্রতিকার পাননি।
এ ঘটনায় ভুক্তভোগীরা গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় বলে অভিযোগকারীরা জানান। তবে সেই নির্দেশ অমান্য করে এখনো প্রকাশ্যে বালুর ব্যবসা পরিচালনা করা হচ্ছে বলে তাদের অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করলে সেখানে বালু ফেলে ব্যবসা পরিচালনার কার্যক্রম চলমান দেখতে পান। স্থানীয় কয়েকজন বাসিন্দাও নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে বালুর ব্যবসা চলছে এবং বিষয়টি নিয়ে এলাকায় নানা অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গা দখল ও ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে বালু ফেলে ব্যবসা পরিচালনা করায় একদিকে সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে প্রকৃত জমির মালিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিপ্লব মুন্সির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং সরকারি জমি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি দখলের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।