
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলায় এই প্রথমবারের মতো কিশোর গ্যাং ও মাদক নির্মূলে রেকর্ড সৃষ্টি করলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
দীর্ঘদিন ধরে মাদক ও কিশোর গ্যাংয়ের নানা কর্মকাণ্ডে আলোচিত গোপালগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেলা পুলিশ। বিশেষ করে মাদক নির্মূল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
স্থানীয়দের মতে, শতভাগ নির্মূল সম্ভব না হলেও জেলার অধিকাংশ এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকাংশে কমে এসেছে। একসময় শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, দলবদ্ধ হামলা ও মারামারির ঘটনা প্রায়ই দেখা গেলেও বর্তমানে সেই পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।
মাদকবিরোধী অভিযান সফল করতে জেলা পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউল হক এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার হোসেন। এছাড়াও জেলা ডিবি পুলিশ ও জেলার বিভিন্ন থানার কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে ধারাবাহিক অভিযান।
জানা গেছে, মো. হাবিবুল্লাহ ২০২৫ সালের ৬ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা যোগদানের পর থেকেই মাদক ও কিশোর গ্যাং দমনে বিশেষ গুরুত্ব দেন। তার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের চিহ্নিত বহু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ জেলার ১৩০ জনেরও বেশী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
গোপালগঞ্জের সচেতন নাগরিক ও সুধী সমাজের প্রতিনিধিরা বলছেন, জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করেন, পুলিশ সুপার আরও কঠোর নজরদারি অব্যাহত রাখলে জেলায় মাদক নির্মূলে আরও সফলতা অর্জন সম্ভব হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, এখনও কিছু গোপন স্থানে ও বিভিন্ন শেল্টারে সীমিত আকারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু চক্র। প্রশাসন আরও সক্রিয় হলে এসব কার্যক্রমও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন তারা।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পর গোপালগঞ্জে এক ধরনের আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাদের দাবি, জেলা পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।
স্থানীয় সমাজচিন্তাবিদরা বলেন, “গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার মতো দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে পেয়ে আমরা গর্বিত। আমরা তার সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করি।”