
নিজস্ব প্রতিবেদক,ফয়সাল মোল্লা :

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। সভা শেষে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করা এবং বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।
সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ড. কে এম বাবর গোপালগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং বিএনপির নেতা হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছেন।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফজলুল কবির দারা।
সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিভিন্ন দিক উঠে আসে।
সভা শেষে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, বিএনপির মুখপাত্র ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপির নেতারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয়ভাবে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। একই ধরনের প্রতিবাদ কর্মসূচি সম্প্রতি গোপালগঞ্জের কোটালীপাড়াতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালন করেছেন।