গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য: এম এ সালাম।

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক :

শরণখোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শরণখোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শরণখোলা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়। পরে র‌্যালিটি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায়েন্দা পাইলট মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে রায়েন্দা পাইলট মাঠে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, শামীম হোসেন বাদল, শহিদুল আলম লিটন, মো. অহিদুজ্জামান বাবু, মহিউদ্দিন শাহজাহান, এম এ মজিদ, শিমুল গাজী, যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজীসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলের জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করা, জেল-জুলুমের শিকার হওয়া এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি তিনি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা তুলে ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।