
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

৩১ মে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদী থেকে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া তরুণী হালিমা আক্তার (১৯) হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাওনা টাকা না দেওয়া এবং অনৈতিক সম্পর্কের কথা জানাজানির ভয়ে হালিমাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
এই ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারের পর তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আবু কালাম (৪৮), মো. জামাল হোসেন (৪৪), মো. রাসেল মিয়া (৪৪) এবং মো. আলামিন প্রধান (৫০)। তারা সবাই গজারিয়া থানার বড় ভাটেরচর এলাকার বাসিন্দা বা ভাড়াটিয়া।
গত ২৯ মে ২০২৬ তারিখ গজারিয়া থানাধীন টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর এলাকার ফুলদী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশ। পরবর্তীতে পিবিআই মুন্সীগঞ্জ জেলা তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত তরুণী জামালদী গ্রামের মহাসিন বেপারীর মেয়ে হালিমা আক্তার। এই ঘটনায় নিহতের বোন হোসনেয়ারা আক্তার বৃষ্টি বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৯) দায়ের করেন। ৩০ মে পিবিআই স্ব-উদ্যোগে মামলার তদন্ত ভার গ্রহণ করে এবং এসআই (নিঃ) রনি দেবনাথকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পিবিআই-এর তদন্তকারী কর্মকর্তা ও আসামিদের আদালত ও পুলিশে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, নিহত হালিমা আক্তার আসামি আবু কালামের কাছে ২৫ হাজার টাকা এবং রাসেলের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিলেন। এছাড়া অন্য আসামি জামালের সাথে হালিমার শারীরিক সম্পর্কের বিষয়টি জামালের এক আত্মীয় দেখে ফেলেন। এতে সমাজে নিজের মান-সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয় ও হালিমার পাওনা টাকা আত্মসাৎ করতে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করেন।হত্যাকাণ্ডের প্রায় ১৫ দিন আগে গজারিয়ার হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসামিরা হালিমাকে হত্যার চূড়ান্ত ছক আঁকেন।পরিকল্পনা অনুযায়ী, গত ২৬ মে ২০২৬ তারিখ সন্ধ্যার পর আসামিরা কৌশলে হালিমাকে বড় ভাটেরচর নদীর পাশে ডেকে নেন। সেখান থেকে তাকে একটি নৌকায় করে নদীর ওপারে চকের ভেতরে একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে নিয়ে যাওয়া হয়। সেখানে চার আসামি মিলে হালিমাকে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করেন। এরপর ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে হালিমার পরিহিত প্যান্ট/টাইস গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ গুম করার উদ্দেশ্যে তারা ফুলদী নদীতে ভাসিয়ে দিয়ে পালিয়ে যান।পিবিআই মুন্সীগঞ্জ জেলা ইউনিট জানায়, ৩০ মে বড় ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞ আদালতে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।