
মো: আল মাসুম খান, ব্যুরো চিফ(খুলনা বিভাগ):

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এর খুলনা আঞ্চলিক পর্ব আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) এর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে প্রোগ্রামিং শেখা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর ও প্রযুক্তি নির্ভর চিন্তার বিকাশ ঘটায়। তরুণদের শুধু বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবে রূপ দিতে সহায়তা করতে হবে।
উপাচার্য আরও বলেন, “যারা প্রযুক্তি খাতে নতুন ধারণা নিয়ে কাজ করবে, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে হলে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন অপরিহার্য। গ্লোবাল ভিলেজে টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রোগ্রামিংয়ে দক্ষ হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। সভাপতিত্ব করেন সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এস. এম. রফিজুল হক।
প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ এনামুল কবির এবং সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. মনিশংকর মন্ডল।
উদ্ধোধনী অনুষ্ঠানের পর আয়োজন করা হয় আইসিটি কুইজ, প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং সেমিনার — যেখানে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-বিষয়ক আলোচনা হয়।
প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ২৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ, উদ্ভাবনী মনোভাব ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।