খুলনার ​ফুলতলায় ডিশ মেকানিককে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

​মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার ​ফুলতলায় ডিশ মেকানিককে ছুরিকাঘাতে হত্যা, আহত ২
নিহত সাব্বির

​খুলনার ফুলতলায় বন্ধুদের অভ্যন্তরীণ বিরোধের জেরে ছুরিকাঘাতে সাব্বির (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার দামোদর প্রাইমারি স্কুল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাব্বির পেশায় একজন ডিশ ও ওয়াইফাই মেকানিক।
​নিহত সাব্বির ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। একই ঘটনায় নীরব ও স্বাধীন নামে আরও দুই যুবক গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। গত ৪-৫ দিন আগে তুচ্ছ কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার রাত আটটার দিকে দামোদর প্রাইমারি স্কুল এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা সাব্বির ও তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে সাব্বিরসহ তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
​খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারী এবং হতাহতরা মূলত বন্ধু। চার-পাঁচ দিন আগের একটি বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
​পুলিশ গণমাধ্যমের সাংবাদিকদের জানায়, ঘটনার পরপরই ঘাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।