
এমডি আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনার ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ২ নম্বর দামোদর ইউনিয়নের দামোদর উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসসংলগ্ন বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। ফুলতলা থানা পুলিশের একটি দল সেখানে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালায়।
তল্লাশিতে তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, একটি দোনালা কাটা বন্দুক, পিস্তলের ৩ রাউন্ড গুলি এবং রিভলভারের ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম সুমন (২৩)। তিনি ফুলতলা উপজেলার দামোদর কলোনিপাড়া এলাকার বাসিন্দা। অপরজন তানভীর চৌধুরী (২৭), তাঁর বাড়ি খুলনা মহানগরের খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকায়।
অভিযানটি পরিচালনা করেন ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) সফিউজ্জামান, তাঁর সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।