
মো: আল মাসুম খান খুলনা বিভাগ ব্যুরো চিফ :

খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার জুমার নামাজের আগে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী গণমাধ্যমকে জানান, মাহবুবুর রহমান দুপুরে নিজ বাসার সামনে তার প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে তারা মাহবুবুর রহমানের দুই পায়ের রগ কেটে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করেছে। তবে গুলি শরীরের কোন অংশে লেগেছে, সে বিষয়ে ওসি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।
নিহত মাহবুবুর রহমান যুবদলের একজন প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।