
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে জনগণ ও পুলিশের কাছে আটক হয়েছেন ৮ যুবক। গতকাল বুধবার রাত দশটার দিকে নগরীর খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির কাছে চাঁদা নিতে গিয়ে স্থানীয় জনতা ও পুলিশের কাছে আটক হয় ৮ জন যুবক। স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, খুলনার খালিশপুর এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান। রায়হান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরও ৮ জন যুবকসহ রাত সাড়ে ৯ টার দিকে খালিশপুর বাস্তুহারা কলোনির ২নং রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করে। এ সময়ে রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক তাকে পতিত সরকারের দোসর বলে দাবি করে। এ সময়ে তারা বাপ্পির কাছে ৩ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বাপ্পিকে তারা হুমকি দেয়। এলাকাবাসি এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। এ সময়ে রায়হানের সাথে থাকা কয়েকজন যুবক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হানসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী বাপ্পি জানায় গতকাল রাত ১০ টার দিকে কয়েকজন যুবক বাস্তুহারা কলোনির বাসিন্দা তাকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে, আরও বলে পতিত সরকারের নেতা-কর্মীদের টাকা দিয়েছ বলে তারা তার কাছে চাঁদা চায়। কিন্তু আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি হয়। এ সময়ে এলাকার জনগণ একত্রিত হয়ে তাদের আটকিয়ে খালিশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, রায়হান নিজেকে নগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডেকে আনা হলেও তারাও তাকে চেনে না বলে উপস্থিত জনগণকে জানান।
কেএমপি এর খালিশপুর থানার এস আই সোবহান গণমাধ্যমকে বলেন, রাতে বাস্তুহারা কলোনির ২ নং রোডের একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে আসেন তিনি। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।