খুলনায় পলিথিনে মাথা মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনায় পলিথিনে মাথা মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার।খুলনায় হাত এবং পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
যুবকের মরদেহ উদ্ধারের সংবাদ জেনে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের পরিচয় শনাক্তকরণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষ টিম কাজ করছে। স্থানীয় এলাকাবাসী জানায়, লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোঃ মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম ভোর ৫ টার দিকে কুকুরের ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়। এ সময়ে তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত, পা বাধা এবং মাথা ও মুখ মন্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। এমন অবস্থা দেখে তিনি প্রথমে বিষয়টি লবণচরা থানাকে অবগত করেন। পরবর্তীতে থানা পুলিশ বিষয়টি অবগত করলে কেএমপি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানা পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ নিয়ে যান। কেএমপির লবণচরা থানার এসআই মো: জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নিহত যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বাঁধা তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে আরও জানা যায় মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত কারণে নিহত যুবকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি এর বিশেষ টিম কাজ করছেন। উদ্ধারকৃত নিহত যুবকের গায়ে নীল রঙের জিন্স প্যান্ট এবং সবুজ রঙের টি শার্ট আছে।