খুলনায় নৌযান শুমারি ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় নৌযান শুমারি ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা।

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, ২০২৬। এ উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে নৌযান শুমারি পরিচালিত হবে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের শুমারির প্রতিপাদ্য ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’।

বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় এ শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আইয়ুব হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলখানা ঘাটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে শেষ হয়।নৌযান শুমারি, ২০২৬-এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নৌপরিবহন খাতে নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নৌপরিবহন খাতে নিয়োজিত জনবলের জীবনমান উন্নয়ন এবং দেশের নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য একটি সমন্বিত ও নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করা।

শুমারির আওতায় দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া ইঞ্জিন চালিত নয়, কিন্তু অন্য কোনো যন্ত্রচালিত নৌযান দ্বারা টেনে বা ধাক্কা দিয়ে পরিচালিত হয়, এমন নৌযানও এর আওতায় থাকবে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে বর্তমানে অভ্যন্তরীণ নৌযানের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকায় নৌযান শুমারির মাধ্যমে এ খাতের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি করা হবে। এই ডাটাবেজ নৌপরিবহন খাতের উন্নয়ন, নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া নৌযানের নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নৌযানের মালিক ও শ্রমিকদের নির্ভুল তথ্য সংরক্ষণ এবং নৌদুর্ঘটনার পর প্রকৃত ভুক্তভোগীদের দ্রুত শনাক্ত করে স্বচ্ছতার সঙ্গে আর্থিক ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতেও এ ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুমারির তথ্যের ভিত্তিতে নাবিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ এবং নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। শুমারির মাধ্যমে প্রস্তুত করা সমন্বিত ডাটাবেজ ভবিষ্যতে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সংস্থা ন্যাশনাল ডাটা হিসেবে ব্যবহার করতে পারবে।