
মো: আল মাসুম খান ব্যুরো চিফ, খুলনা :

খুলনা সদরে অবস্থিত সরকারি – বেসরকারি দপ্তরে সেবা বঞ্চিত ও দুর্নীতির শিকার নাগরিকদের নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণ শুনানির এর আয়োজন করেছে। খুলনার নাগরিকদের বিভিন্ন অভিযোগের বিষয়ে সরাসরি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার ২৫ মে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, জনগণের দেয়া ট্যাক্সের টাকায় সরকারি চাকুরিজীবীদের বেতন হয়। যাদের টাকায় আমাদের বেতন হয়, আমরাই আবার তাদের প্রভু সেজে যাই। সরকারি কর্মচারীরা আল্লাহর দেয়া যোগ্যতার সম্পূর্ণ ব্যবহার করে ইমানদারির সাথে নাগরিকদের সেবা দিতে দায়বদ্ধ। যে সৃষ্টিকর্তাকে ভয় করে, সে জ্ঞানত অন্যায় করতে পারে না। দুদক কমিশনার আরও বলেন, আমরা নিজ নিজ অবস্থানে প্রত্যেকেই বিচারক। যদি আমরা আমাদের পরিবারে নিজের আয়ের চেয়ে বেশি উপহার বা তৈজসপত্র দেই তবে সন্তানদের সামনে কীভাবে জবাবদিহি করবো। আমরা নিজে সৎ থাকবো এবং পরিবারবর্গকে সৎপথে রাখবো। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, তোমরা হতাশ হবেনা। পরিবারকে যেমন সেবা করতে হবে, তেমনি লব্ধ জ্ঞান প্রজাতন্ত্রের কাজে ব্যবহার করতে হবে। প্রয়োজনে উদ্যোক্তা হতে হবে। সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা সবাই দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতি দিচ্ছি, একই সাথে মানসম্মত সেবা প্রদানের নিশ্চয়তাও দিতে হবে। দুদকের গণশুনানি অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাফিজ আহসান ফরিদ। গণশুনানি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। গণশুনানি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। গণশুনানি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার ও পুলিশ সুপার খুলনা টি এম মোশাররফ হোসেন। গণশুনানিতে খুলনা সদরে অবস্থিত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিশিষ্ট নাগরিক ও অভিযোগ উত্থাপনকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা এই স্লোগান নিয়ে খুলনা মহানগরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ সরাসরি শুনতেই এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক। বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি, হয়রানির শিকার ব্যক্তিরা অনুষ্ঠানে তাদের অভিযোগ তুলে ধরেন। উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক তদন্ত করার নির্দেশ বা উপযুক্ত সিদ্ধান্ত প্রদান করা হয়।