
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়ের মহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়ের মহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হুমায়ুন কবির তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।
তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। হামলাকারীরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।
এদিকে, খুলনা মহানগর তাঁতি দলের এই নেতার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে রাখা হয়েছে।তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি